বাংলাদেশ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ১০ লক্ষ বীজ বপণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনীর আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে উপজেলার ১২৮টি সংগঠিত জনসংগঠন, উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের ২৫টি যুব সংগঠন, গ্রীন কোয়ালিশন এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রানীর সভাপতিত্বে ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, উপজেলা গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, যুব নারী অনন্যা রাজ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। উপকূলের পরিবেশ, প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, তাল, খেজুর, মেহগনিসহ স্থানীয় প্রজাতির মোট ৭ লাখ বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ১২টি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট বীজ বপণ কমিটি গঠন করা হয়েছে।
