চলতি বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতে রংপুর নগরীর সকল ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে বুধবার প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী। তিনি বলেন, বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতে নগরীর বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করা হলো। নগরবাসী যদি আমাদের যৌক্তিক কিছু সময় দেন তাহলে রংপুর সিটি করপোরেশন এলাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে নানা উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, সড়ক সংস্কারের কাজগুলোর গুণগত মান যেন নগরবাসীর কাছে সন্তোষজনক হয়, সে লক্ষ্যে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ তদারকি করছেন। এ ছাড়াও নগরীর যেসকল সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে, সে সড়কগুলো চলাচলের যোগ্য করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরবাসীর ভোগান্তি লাঘবে রংপুরে সড়ক সংস্কার কাজ শুরু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
