কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য আরেকটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১টায় সিলেটের হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ সময় মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা, সোহাগ বাসের সামনে থাকা একটি অটোরিকশা, ট্রাক ও মাইক্রোবাসে ধাক্কা লাগে। এ সময় বিভিন্ন যানবাহনের ২৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে দিনেশ (৬৫), ঝরনা রানী (৫০), টিপু (২২), রেজিয়া (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝরনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন। ঘটনার পর দিগন্ত বাসচালক পলাতক রয়েছে। দিগন্ত বাসের যাত্রী নাহিদ ইসলাম বলেন, আমি দিগন্ত বাসে বসে ছিলাম। বাস ভৈরব টোলপ্লাজায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের আরেক যাত্রী সিরাজুল ইসলাম বলেন, বাস টোল প্লাজায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এসে একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় একটি সিএনজি দুমড়ে-মুচড়ে সিএনজি ড্রাইভার গুরুতর আহত হয়। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ও ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি সিএনজি ও একটি বিভার্টেকসহ দু’টি বাস উদ্ধার করি। দুই বাসের চালকই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসকে ধাক্কা, একাধিক যানবাহনের আহত ২৫
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
