ময়মনসিংহ সদরের আকুয়া হাবন বেপারী এলাকার স্বামী শফিকুল ইসলাম শপুকে হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত শফিকুল ইসলাম শপু মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সঙ্গে নগরীর বাঁশবাড়ী কলোনিতে বসবাস করতেন। তাদের একটি ছেলে সন্তানও হয়। পরবর্তীতে নিহত শপুর নগরীর হাবন বেপারী এলাকার আসামি আফরোজা শেখ ইতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর শপু তার প্রথম স্ত্রী এবং সন্তানের সঙ্গে যোগাযোগ রাখলে এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে শপুর প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ই জুন সন্ধ্যায় ইতি তার আকুয়া হাবন বেপারী এলাকার বাসায় শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির সামনের পচা পুকুরে লুকিয়ে রাখে। পরে ১৩ই জুন পচা পুকুরে কচুরি পানার ভেতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওইদিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ ছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।
