বিএনপি নেতা বাদশা হত্যা

অস্ত্র সরবরাহকারী লেদু গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ ৩২টি মামলা রয়েছে। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১লা জুলাই জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে আবুল বাশার বাদশা ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লেদু। গতকাল রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, এ ঘটনায় ওই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু। হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায় লেদুই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। ২৮শে জুলাই র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে লেদুকে গ্রেপ্তার করা হয়। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে। ইতিপূর্বে ২০১০ সালে ঘটে যাওয়া আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন এবং ২০১২ সাল পর্যন্ত হাজতে থাকেন।

এ ছাড়া, ২০২১ সালে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছে।
র‌্যাব জানায়, প্রতিনিয়ত ওই এলাকাবাসী তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র‌্যাবের কাছে ফোনে অভিযোগ জানিয়ে থাকে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে। মনোয়ার হোসেন লেদুর নামে ডিএমপি’র মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১০টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, দ্রুত বিচার আইনে ১টি মামলা ও ১টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে। এ ছাড়া, আদাবর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৮টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৬টি, হত্যা ও হত্যাচেষ্টার ২টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ১টি মামলাসহ আরও ১টি অভিযোগ রয়েছে। ডিএমপি’র দারুস সালাম থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন