সংবাদ সম্মেলনে অভিযোগ

বালাগঞ্জে আওয়ামী লীগ থেকে রাতারাতি বিএনপি সেজে জমি-দোকান দখলের চেষ্টা

ফন্ট সাইজ:

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামে আওয়ামী লীগ থেকে রাতারাতি বিএনপি সেজে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ভূমি ও দোকানকোঠা দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামের বাসিন্দা মাখন মিয়ার স্ত্রী মোসা. রহিমা বেগম।

লিখিত বক্তব্যে রহিমা বেগম বলেন, কষ্টার্জিত অর্থে পৃথক দুটি দলিলের মাধ্যমে তিনি ও তার তিন ভাই কলুমা মৌজায় একটি দোকানকোঠাসহ মোট ৬ দশমিক ৬৮ শতক ভূমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর নামজারি সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখল করে আসছেন। দোকানকোঠাটিও চুক্তিনামার মাধ্যমে ভাড়া দিয়ে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে কনর মিয়া, তার ভাই আওয়ামী লীগ নেতা চুনু মিয়া, অপর ভাই বিএনপি নামধারী লিটন আহমদ রফু এবং তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে ওই সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জমির বৈধ দলিল, খতিয়ান, নামজারিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও পরিকল্পিতভাবে তাদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

রহিমা বেগমের অভিযোগ, অভিযুক্তরা একাধিকবার অস্ত্রশস্ত্র নিয়ে দোকানকোঠা ভাঙচুরের চেষ্টা করেছেন এবং দোকানদারের ওপর হামলা চালিয়েছেন। কনর মিয়ার ছেলে শাকিব ও চুনু মিয়ার ছেলে মেহেদী অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ সংক্রান্ত প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন