রংপুরে অপরাধ দমন নিয়ে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

রংপুরে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, কাপড়সহ অন্য নকল পণ্য উদ্ধার ও নানা অপরাধ দমন নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিকালে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর মিলনায়তনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, বুধবার পুলিশের বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত ৩ মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, ৫৩ জন এসির তামা চোর চক্রের সদস্য, ৩২ জন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, ৫ জন হত্যা মামলার আসামি, ১২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ৯২৬ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে ১০ বস্তা তামার তার, ৩ হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা, ফেন্সিডিল, টাপেন্টাডল, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, অনলাইন-অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এক্ষেত্রে তথ্য পেলেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ ছাড়া নগরীর যানজট এড়াতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ অন্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন