ইজারার নামে সওজের জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ইজারার নামে সওজের জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী বালুখালী বাজারে কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা রেখে দিয়েছেন। পাশাপাশি নির্ধারিত সীমানার বাইরে গিয়ে ইজারার অজুহাতে চাঁদা উত্তোলনেরও অভিযোগ রয়েছে। অভিযুক্ত ফোরকান চৌধুরী নিজেকে বালুখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন। তিনি ২০২৫-২৬ অর্থবছরে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য উখিয়া উপজেলার বালুখালী কাস্টমঘাট এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা গ্রহণ করেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহা শেষ হওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হলেও হাটের অস্থায়ী অবকাঠামো অপসারণ করা হয়নি। বরং সেখানে গরু রাখার জন্য স্থায়ী ঘর নির্মাণ করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী যে স্থানটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল, সেটিও এখন দখলে রয়েছে বলে অভিযোগ। জানা গেছে, উখিয়াঘাট মৌজার আরএস দাগ নম্বর-৪৮ এবং বিএস দাগ নম্বর-১৬৩ ভুক্ত জমিটি কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফোরকানকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, তিনি সেই নির্দেশনা এখনো মানেননি। উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা মানবজমিনকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এর আগে ইজারাদার ফোরকানকে জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এখনো যদি তা অপসারণ না করা হয়ে থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, জায়গাটি সওজের অধিগ্রহণকৃত সম্পত্তি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফোরকান অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেন। তিনি বলেন, সাংবাদিকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন