অপরাধীদের অভয়ারণ্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন

অপরাধীদের অভয়ারণ্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দিন দিন বেড়েই চলেছে যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা। যাত্রীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত এসব অপরাধ সংঘটিত করছে। মঙ্গলবার এক সাংবাদিকের আত্মীয়কে ট্রেনে তুলে দেয়ার সময় ভিড়ের মধ্যে তার কানের দুল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। ঘটনার পর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো যাত্রী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ব্যবহার করেন। এই ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কখনো যাত্রী, কখনো হকার, আবার কখনো ভিক্ষুকের ছদ্মবেশে প্ল্যাটফরম ও ট্রেনের ভেতরে অবস্থান নেয়। সুযোগ বুঝে তারা যাত্রীদের বিভিন্ন মালামাল বা জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই চুরি হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ বা স্বর্ণালঙ্কার উদ্ধার করা সম্ভব হয় না। তাই স্টেশনজুড়ে আরও সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা। জংশনের নিয়মিত যাত্রী শিপন মিয়া বলেন, আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তখন মোবাইল ফোনটি পকেটেই ছিল। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি ফোনটি নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে জংশন সংলগ্ন কয়েকটি পরিত্যক্ত বা কম ব্যবহৃত রেলওয়ে কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও কেনাবেচা, জুয়া এবং বেটিং (বাজি) সংক্রান্ত কর্মকাণ্ড চলে আসছে। এসব স্থানে বহিরাগতদের অবাধ যাতায়াত থাকায় অপরাধপ্রবণ ব্যক্তিরা সেখানে আশ্রয় নেয় এবং পরে স্টেশন এলাকায় নানা অপরাধ সংঘটিত করে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চললেও কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা খুব একটা চোখে পড়ে না। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদির বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন