জাতীয় গ্রিডে যোগ হতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু

জাতীয় গ্রিডে যোগ হতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

ফন্ট সাইজ:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জ্বালানি খাতের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একটি নতুন গ্যাসকূপের খনন কাজ। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর কাজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। বুধবার সকাল থেকে খনন কার্যক্রম পুরোদমে চলতে দেখা গেছে। মাটির নিচে ১,৫৫০ মিটার গভীর পর্যন্ত খনন কাজের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় ৪৫ দিনের মধ্যে খনন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। খনন শেষে ১৫ দিনব্যাপী ড্রিল স্টেম টেস্ট (উঝঞ) পরিচালনা করা হবে, যার মাধ্যমে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

​প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, ‘মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খনন কাজ নিরবচ্ছিন্নভাবে চলবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ১,৫৫০ মিটার গভীরে পৌঁছানোর পর ডিএসটি পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার ফল ইতিবাচক হলে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, যদি এই কূপের সার্বিক পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ইতিবাচক হয়, তবে তা দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে একটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এবং জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন