সিলেটে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন

ফন্ট সাইজ:

সিলেট শহরতলীর সিলামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে খুন করা হয়েছে। রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক বাতির আলী। সে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে। রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামে বাতির আলীকে ঘর থেকে ডেকে নিয়ে আসেন কয়েকজন যুবক।

এ সময় তারা বাতির আলীকে মারধর করে মৃত ভেবে তার বাড়ির পাশে ফেলে আসে। এ সময় স্থানীয় কয়েকজন মহিলা আওয়াজ ও লোকজনের চলাচল দেখে শোর-চিৎকার করলে তখন আশপাশের লোকজন এবং তার পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বাতির আলীকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপু সিলাম ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন- ‘মারামারিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন