সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

এআই দিয়ে ফেসবুকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ

ফন্ট সাইজ:

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে শিবির মিডিয়া সেল নামের একটি পেজ থেকে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হয়েছে। তার মানহানি ও হেয় করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার ছড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এমন অভিযোগ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেইসঙ্গে তারা অপপ্রচার ছড়ানো দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ঘটনায় সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহরে ও দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি সবার কথা ভেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন তিনি গত কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বললেন তখন তার মানহানি করতেই এআই দিয়ে তার মুখের ছবি পরিবর্তন করে এসব ছড়ানো হচ্ছে। শিবিরের মিডিয়া সেল থেকে এসব এআই দিয়ে তৈরি করা ছবি পোস্ট করা হচ্ছে।

আপনারা জানেন, একটি দল সরকারের বিরুদ্ধে তাদের গুপ্তপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। ৩০০ আসনের এমপিদের মধ্যে ফরহাদ হোসেন আজাদ গুপ্তদের গুপ্ত চুরির বিষয়ে বেশি কথা বলছেন। তিনি তাদের নোংরামির প্রতিবাদ করায় তারা এসব এআই তৈরি ছবি পোস্ট করে প্রতিমন্ত্রীকে হেয় করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপি’র সদস্য এডভোকেট আব্দুল বারী প্রমুখ। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন