জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি তেহরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর কঠোর আঘাত হানবো। তারা কঠিন মূল্য দেবে।
ট্রাম্পের দাবি, আকস্মিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে মার্কিন সেনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল। তবে তারা সফলভাবে সব আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, রাতে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে, তা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।
এই হামলায় ইরাকে অন্তত ২০ জন নিহত হয়েছে।
ইরান-সমর্থিত এসব গোষ্ঠীকে “বিশ্বের জন্য এক ধরনের ক্যানসার” বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, তার প্রশাসন ইরানের মিত্র ও প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে।
এদিকে গত শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত রয়েছে। তবে সর্বশেষ, বুধবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির একাধিক মিডিয়ার খবরে বলা হয়েছে। এনিয়ে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।
