সংসদে উত্থাপিত চা শ্রমিকদের মজুরি ৫শ’ টাকা নির্ধারণ, ভূমির অধিকার বাস্তবায়ন এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বুধবার সকাল ৯টায় কালাগুল চা বাগানে বিক্ষোভ করেন চা শ্রমিকরা। এ সময় বক্তব্য রাখেন- চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, কালাগুল চা বাগানের পঞ্চায়েত সভাপতি রঞ্জু নায়েক, সাধারণ সম্পাদক সন্তোষ রেলি, রবি ছত্রী, রবি বাক্তি, বাতাসি বুনার্জী, লাল মিয়া, আইনা নাহাক, অন্নদা বাড়াইক, সোহাগ ছত্রী প্রমুখ। শ্রমিক নেতারা বলেন, আমরা বহুদিন ধরে ৬শ’ টাকা মজুরির জন্য লড়াই করছি। সম্প্রতি সংসদে ৫শ’ টাকা মজুরির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আমরা সংসদে উত্থাপিত এই দাবি কার্যকর করার জোর দাবি জানাই। বর্তমানে চা শ্রমিকের মজুরি মাত্র ১৮৭ টাকা। এই টাকা দিয়ে দিনে তিনবেলা খাবার জোগাড় করা যায় না। ছেলে-মেয়েদের স্কুলের বেতন, চিকিৎসা খরচ চালানো তো আরও কঠিন।
তাই আমরা সংসদে উত্থাপিত ৫শ’ টাকা মজুরি কার্যকর করার দাবি জানাই। একইসঙ্গে ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ‘গেজেট-২৩’ বাতিল করার আহ্বান জানাই। তারা বলেন, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আটকে আছে প্রায় ৮ বছর। ফলে চা বাগান এক ধরনের নেতৃত্ব শূন্যতার মধ্যে আছে। নিজেদের দাবি-দাওয়াও সঠিকভাবে তুলে ধরতে পারছে না। তাই চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও ভূমির অধিকার বাস্তবায়ন করা জরুরি। এই দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে সকল চা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
