এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থীসহ ইসির কাছে জামায়াতের ৩ দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থীসহ ইসির কাছে জামায়াতের ৩ দাবি

ফন্ট সাইজ:

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৩ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগ বাতিল এবং নির্বাচনব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে দলটি।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে বলা হয়, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। সে কারণে নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জনআস্থার প্রতিফলন থাকা জরুরি।
জামায়াতের দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ তাদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইন ও বিধিমালা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে।

একই চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানানো হয়েছে। দলটির ভাষ্য, তার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ওই নিয়োগ বাতিল করা প্রয়োজন।

এছাড়া নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত স্থানীয় সরকার নির্বাচন আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনারও আহ্বান জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামী আশা প্রকাশ করে বলেছে, নির্বাচন কমিশন উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে নির্বাচনব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন