কাগজের নোটের পরিবর্তে ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালু হতে যাচ্ছে। এজন্য সরকারের অনুমোদনও পাওয়া গেছে। পলিমার নোট বাজারে আনার বিষয়ে রিজার্ভ ব্যাংক অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছে বলে শোনা যাচ্ছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাটনা ও মুম্বইয়ে অনুষ্ঠিত শেষ দু’টি বৈঠকে ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এর পর সেই প্রস্তাব পাঠানো হয়েছিল সরকারের কাছে। লোকসভায় উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই প্লাস্টিক বা পলিমার নোটের আওতায় থাকবে ১০ এবং ২০ রুপির নোট। প্রথমে ১০ এবং ২০ রুপির প্রতিটির জন্য ১০০ কোটি করে পলিমার নোট তৈরি করে পরীক্ষা চালানো হবে। সফল হলে নিয়মিত ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে নোটগুলো। কাগজের মুদ্রার তুলনায় প্লাস্টিকের টাকার উৎপাদন খরচ অনেক কম। তা ছাড়া সহজে এটি ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না। সেই কারণেই এটিকে বাজারে আনার চিন্তাভাবনা চলছিল।
রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ আর্থিক বছরে কাগজের নোট ছাপাতে কেন্দ্রের খরচ হয়েছিল ৫,১০১.৪ কোটি রুপি। ২০২৪-’২৫ অর্থবর্ষে সেটা আরও বেড়ে ৬,৩৭২.৮ কোটি রুপিতে গিয়ে পৌঁছায়।
ময়লা নোট বাতিলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে রিজার্ভ ব্যাংক। ২০২৪-’২৫ অর্থবর্ষে প্রায় ২,৩৮০ কোটি ময়লা হয়ে যাওয়া টাকা প্রত্যাহার করে ভারতীয় রিজ়ার্ভ ব্যাংক। সেটা আগের আর্থিক বছরের (২০২৩-’২৪) ২,১২৪ কোটির তুলনায় ১২.৩ শতাংশ বেশি।
