গলা-সমান বন্যার পানি। বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ধরা আতঙ্কিত একটি বাছুর। আর তীরে দাঁড়িয়ে তাকে উদ্ধারে মরিয়া গ্রামবাসী। আসামের শিবসাগর জেলায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে গবাদিপশু বাঁচানোর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের মতে, এটি আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সবচেয়ে হৃদয়স্পর্শী প্রতীক হয়ে উঠেছে। সম্ভবত একটি মাঠ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি গলা-সমান পানির মধ্যে নেমে বাছুরটিকে উদ্ধারের চেষ্টা করছেন।
ভারসাম্য ধরে রাখতে গ্রামবাসীরা তার দিকে একটি বাঁশ বাড়িয়ে দেন। প্রাণপণ চেষ্টা করে তিনি ধীরে ধীরে বাছুরটিকে নিরাপদ উঁচু স্থানে নিয়ে যেতে সক্ষম হন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ভিডিওটি যেমন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত, তেমনি বন্যাকবলিত আসামের মানুষের অসহনীয় দুর্ভোগও তুলে ধরেছে। শিবসাগর আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার একটি। এছাড়া চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ মেট্রোপলিটন জেলাও মারাত্মক বন্যার কবলে রয়েছে। মঙ্গলবার আরও সাতজনের মৃত্যু হওয়ায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। তবে সরকারি বুলেটিন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে এখন ৩ লাখ ৩২ হাজারে নেমে এসেছে। তারা সাতটি জেলাজুড়ে ছড়িয়ে রয়েছেন।
সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এবং অসংখ্য স্বেচ্ছাসেবক যৌথভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ৪৫ হাজার ৩৪১ দশমিক ৯৮ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর, গোয়ালঘর, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে।
