আহত জুনিয়র এনটিআর

আহত জুনিয়র এনটিআর

ফন্ট সাইজ:

দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর কাঁধে চোট পেয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে অভিনেতার সহযোগী দল। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরাগীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চোট পাওয়ার পরপরই জুনিয়র এনটিআরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক জে. মধুসূদন রাও এবং চিকিৎসক আর.এ. পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বে একটি মেডিকেল দল তাকে পরীক্ষা করে।

স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা অভিনেতাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এছাড়া অভিনেতার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকদের নিবিড় নজর রয়েছে বলেও জানিয়েছে তার টিম। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে তার স্বাস্থ্যের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে অনুরাগীদের ভালোবাসা, সমর্থন ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে জুনিয়র এনটিআরের টিম।

বর্তমানে পরিচালক প্রশান্ত নীল পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট সিনেমাটির শুটিং সেটে লেগেছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ২০২২ সালে ‘ড্রাগন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে শুরু হয় এর শুটিং।

সিনেমাটিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম প্রমূখ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১১ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন