‘বহু বছর সেক্রিফাইস করেছি সিনেমা বানানোর জন্য’

‘বহু বছর সেক্রিফাইস করেছি সিনেমা বানানোর জন্য’

ফন্ট সাইজ:

‘মেহেরজান’ দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন রুবাইয়াত হোসেন। এরপর নির্মাণ করেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘শিমু’। এবার তার নতুন চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি নির্বাচিত হয়েছে। সিনেমাটি নির্মাণের নেপথ্যের গল্প নিয়ে তিনি কথা বলেছেন মানবজমিনের সঙ্গে। নিজের অনুভূতি ব্যক্ত করে রুবাইয়াত বলেন, সিনেমাটি ভেনিস উৎসবে যাবে বিষয়টা আমরা এপ্রিল মাস থেকেই জানতাম। কিন্তু অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে বলতে পারিনি। যখন আনুষ্ঠানিক ঘোষণা এলো, তখন খবরটা শেয়ার করতে পারলাম।

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, গল্পের অনুপ্রেরণা এসেছে ছোটবেলায় শোনা এক ঘটনা থেকে। বহু বছর ধরে বিভিন্ন সময়ে গল্পটি লিখেছি। এই ছবিতে নারীকে পণ্য বা পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর প্রচলিত ধারণাকে প্রশ্ন করা হয়েছে। বিউটি পার্লারকে একদিকে নারীর স্বস্তির জায়গা, অন্যদিকে সমাজের চাপিয়ে দেয়া সৌন্দর্যের মানদণ্ড তৈরির এক ধরনের ‘কারখানা’ হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, গল্পের মূল ঘটনাটির জন্য হরর ঘরানা বেছে নেয়া। বহু বছর আগে একজন কনে রহস্যজনকভাবে মারা যায়। সেই ধারণা থেকেই কল্পনা করেছি, ওই কনের আত্মা এখনো বিউটি পার্লারেই রয়ে গেছে। পরে যখন নতুন কনে সেখানে আসে, তখন মৃত কনের আত্মা তাকে আচ্ছন্ন করে। নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জ কেমন ছিল? তিনি বলেন, শুটিংয়ের সময় দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে ছিল না।

এর মধ্যেই ইউরোপ থেকে আসা নারী শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করে মাত্র ২৬ দিনের মধ্যে শুটিং করতে হয়েছে। ছবির জন্য সম্পূর্ণ একটি বিউটি পার্লারের সেট নির্মাণ করতে হয়েছে। এ ছাড়া, একটি হরর পরিবেশ তৈরি করতে টিকটিকি, সাপ, শামুক, বিভিন্ন পোকামাকড় এমনকি কয়েক হাজার মশাও ব্যবহার করা হয়েছে। এসব প্রাণী ও উপকরণ নিয়ে শুটিং করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। কারও
কথা ভেবে সিনেমা তৈরি করেন না দাবি করে রুবাইয়াত বলেন, আমার যেটা বানাতে ইচ্ছা করে, যে গল্পটা বলতে ইচ্ছা করে, আমি সেটাই বলি। সিনেমা বানানো খুবই কষ্টের কাজ। আমার জীবনের বহু বছর আমি সেক্রিফাইস করেছি একটা সিনেমা বানানোর জন্য। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি দেশের দর্শকরা আগামী বছর দেখতে পারবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন