চট্টগ্রাম-২ আসন

সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন ও পরবর্তী সংসদ অধিবেশনে অংশগ্রহণে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার আপিল বিভাগে শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে শপথ পড়ায় এবং তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে সংসদ অধিবেশনেও অংশ নেন।

ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের পরাজিত প্রার্থীর পক্ষ থেকে একটি সিভিল মিসসেলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়ের করা হয়। আবেদনে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে বলা হয়েছিল, সরোয়ার আলমগীর যেন এমপি হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আবেদনটি আদেশের জন্য আপিল বিভাগে উপস্থাপিত হলেও এরই মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়ার প্রয়োজনীয়তা আর নেই। এ কারণে আপিল বিভাগ মামলাটি কার্যত তালিকা থেকে বাদ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে জামায়াতের প্রার্থী যদি মনে করেন তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তাহলে নিয়মিত আপিল করতে পারবেন। সেই আপিল আইন অনুযায়ী শুনানি হবে এবং প্রয়োজন হলে আদালত পরবর্তী আদেশ দেবেন।’

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বর্তমানে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন, শপথের বৈধতা কিংবা সংসদে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।’

হাইকোর্টের রায় বহাল রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের রায়ের ভিত্তিতেই নির্বাচন কমিশন তাকে শপথ পড়িয়েছে এবং তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। যতক্ষণ পর্যন্ত ওই রায়ের বিরুদ্ধে আপিল করে আপিল বিভাগ থেকে কোনো স্থগিতাদেশ না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর থাকবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন