সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

ফন্ট সাইজ:

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় আইনটির কঠোর বাস্তবায়ন জরুরি।

মঙ্গলবার সকালে রাজধানীর অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর তামাক নিয়ন্ত্রণের অঙ্গীকার রয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া বার্তায়ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।’

সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬) প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ জোরদার করে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এছাড়াও সাবেক সচিব মো. শামসুল আলম খান ও সমিতির পরিচালক মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন