বেন অ্যাফ্লেককে লোজেপ বিয়ে করেন প্রচারণা পেতে

প্রথম স্বামীর অভিযোগ

বেন অ্যাফ্লেককে লোজেপ বিয়ে করেন প্রচারণা পেতে

ফন্ট সাইজ:

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তার প্রথম স্বামী ওজানি নোয়া। তিনি বলেছেন, জেনিফার লোপেজের সঙ্গে অভিনেতা বেন অ্যাফ্লেকের বিয়ে ছিল তার জনপ্রিয়তা নতুন করে আলোচনায় আনার জন্য সাজানো ‘প্রচারমূলক কৌশল’। এক সাক্ষাৎকারে কিউবায় জন্ম নেয়া ৫২ বছর বয়সী ব্যক্তিগত প্রশিক্ষক ওজানি নোয়া বলেন, ওই বিয়েটা ছিল একটি প্রচারমূলক আয়োজন। জেনিফারের প্রয়োজন ছিল মানুষ আবার তাকে নিয়ে কথা বলুক। উল্লেখ্য, জেনিফার লোপেজ ২০২২ সালে বেন অ্যাফ্লেককে বিয়ে করেন। এর ঠিক ২০ বছর আগে এই তারকা জুটি তাদের প্রথম বিয়ের পরিকল্পনা বাতিল করেন, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা।

ওজানি নোয়া ও জেনিফার লোপেজ ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে স্বল্প সময়ের প্রেমের পর বিয়ে করেন। বর্তমানে ফ্লোরিডায় বসবাসকারী ওজানির দাবি, জেনিফারের ‘ডিভা’ স্বভাবের লক্ষণ তার বিশ্বখ্যাত তারকা হওয়ার অনেক আগেই দেখা গিয়েছিল। তিনি বলেন, আমি যখন রোমান্টিক কিছু করতাম, তখন সে আবেগপ্রবণ হয়ে পড়ত। অভিনয় নিয়ে তার নিজের মধ্যেও অনিরাপত্তাবোধ ছিল। ওজানি আরও দাবি করেন, সাধারণ শ্রমজীবী পরিবারের মেয়ে হিসেবে জেনিফারের যে ভাবমূর্তি তুলে ধরা হয়, তা বাস্তবতার সঙ্গে মেলে না। তার ভাষায়, ১৮ বছর বয়সেই সে একটি টেলিভিশন অনুষ্ঠানে কাজ করছিল। তার অর্থ ছিল, আর তার মা ছিলেন একজন শিক্ষিকা। সে ভুয়া।

তিনি আরও বলেন, তার পরিচিত জেনিফার ছিলেন একজন মিষ্টি, সরল-সোজা তরুণী। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওজানি নোয়া অভিযোগ করেছিলেন যে জেনিফারের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়, কারণ তিনি মনে করেছিলেন জেনিফার তার সাবেক প্রেমিক, র‌্যাপার শন ডিডি কম্বসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, ডিডি গত বছর পতিতাবৃত্তির উদ্দেশ্যে লোক সরবরাহের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওজানি নোয়ার এসব বক্তব্য তার ব্যক্তিগত দাবি। জেনিফার লোপেজ বা বেন অ্যাফ্লেক এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি এবং নিরপেক্ষভাবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন