ঘড়ির কাঁটা পরিবর্তনের প্রথা বন্ধে সিনেটকে বিল পাসের তাগিদ ট্রাম্পের

ঘড়ির কাঁটা পরিবর্তনের প্রথা বন্ধে সিনেটকে বিল পাসের তাগিদ ট্রাম্পের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রে বছরে দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তন করার পুরোনো প্রথা রয়েছে। মার্চ মাসের দ্বিতীয় রোববার ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) শুরু হয় এবং নভেম্বরের প্রথম রোববারে শেষ হয়। মার্চ মাসে রাত ২:০০ টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয় যাকে বলা হয় ‘স্প্রিং ফরোয়াড’। এবং নভেম্বর মাসে রাত ২:০০ টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় যাকে বলে ‘ফল ব্যাক’। সময় পরিবর্তনের এই প্রথা চিরতরে বাতিল করতে আইন পাসের জন্য সিনেটের প্রতি ফের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার মিশিগানে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি সিনেটরদের এই সংক্রান্ত বিলটি দ্রুত অনুমোদনের তাগিদ দেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, এই ডেলাইট সেভিং টাইমের ঝামেলা থেকে আমাদের এবার মুক্তি পাওয়া উচিত। প্রতিনিধি পরিষদ (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) ইতোমধ্যেই বিলটি অনুমোদন করেছে। আশা করি এবার সিনেটও এটি পাস করবে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদ ৩০৮-১১৭ ভোটে ‘সানশাইন প্রোটাকশন অ্যাক্ট’ নামের একটি বিল পাস করে, যার মূল লক্ষ্য হলো সারা বছর জুড়ে স্থায়ীভাবে ‘ডেলাইট সেভিং টাইম’ চালু রাখা এবং বছরে দুইবার ঘড়ির সময় এক ঘণ্টা এগিয়ে বা পিছিয়ে নেওয়ার প্রথা বন্ধ করা। সিনেটে বিলটি পাস হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি চূড়ান্ত আইনে পরিণত হবে।

আমেরিকায় বছরে দুইবার সময় পরিবর্তনের এই ব্যবস্থার বিরোধিতা ট্রাম্প দীর্ঘদিন ধরেই করে আসছেন। মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছিলেন, বছর বছর এই হাস্যকর প্রক্রিয়ার কারণে মানুষের যে সময় ও অর্থ অপচয় হয়, তা বন্ধ হওয়া প্রয়োজন। আইনটির সমর্থকদের মতে, স্থায়ী সময় ব্যবস্থা চালু হলে শিশুদের ঘুমের সময়সূচি বিপর্যয় থেকে রক্ষা পাবে এবং বিষন্নতা কমবে। তবে বিরোধীদের দাবি, স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালু করলে সূর্যোদয় তুলনামূলক দেরিতে হবে, যা বিশেষ করে কৃষক ও ভোরে কাজ শুরু করা পেশাজীবীদের জন্য অর্থনৈতিক ও দৈনন্দিন সমস্যা তৈরি করতে পারে। বর্তমানে বিলটির ভবিষ্যৎ এখন মার্কিন সিনেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন