আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভার নির্বাচনের প্রথম ধাপে ভোট গণনা প্রায় শেষের দিকে। সোমবার গভীর রাত পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ও অযাচাইকৃত ফলাফলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭টি আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৩টি আসনে জয় পেয়েছে। মিরপুর বিভাগের ১৩টি আসনে ভোটগ্রহণ শেষে বাকি আসনগুলোর গণনা রাতভর চলতে থাকে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভোটারদের সুবিধার্থে আজাদ জম্মু ও কাশ্মীর নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করে। মিরপুর, কোটলি ও ভিম্বার জেলায় মোট ২৯৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে পিপিপি, পিএমএল-এন, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) এবং স্বতন্ত্র প্রার্থীরা আছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ভোট দেয়ার যোগ্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১৪ লাখ ১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ৭ লাখ ২৫ হাজার ১১৮ জন পুরুষ এবং ৬ লাখ ৭৫ হাজার ৬২৮ জন নারী ভোটার। মোট ২ হাজার ৪৫৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়।
এর মধ্যে মিরপুরে ৫৯৭টি, কোটলিতে ১ হাজার ১০৭টি এবং ভিম্বারে ৬০৮টি কেন্দ্র ছিল। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত বিচারপতি গুলাম মুস্তাফা মুঘল সতর্ক করে বলেন, ভোটগ্রহণে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে প্রধান সচিব খুশহাল খান বলেন, আজাদ কাশ্মীরের জনগণ অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে।
এদিকে এলএ-৯ কোটলি-২ নাকইয়াল আসনের একটি ভোটকেন্দ্রে গুলিতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কামরান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। পিপিপির প্রার্থী জাভেদ বুধানভি নিহত ব্যক্তিকে তার দলের কর্মী মুখতার ইউনুস বলে শনাক্ত করেছেন। তার মৃতদেহ তহসিল সদর হাসপাতালে নেয়া হয়েছে। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি নিহতের ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পিএমএল-এনের প্রার্থী উমাইর নিয়াজির সমর্থকদের গুলিতে তার দলের কর্মী নিহত হয়েছেন। মুজাফফরাবাদে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, এই নির্বাচন অঞ্চলটির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর সরকার গঠনের জন্য স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচন অপরিহার্য। তিনি শরণার্থী আসনের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, নির্বাচনের আগে বিষয়টির যথাযথ সমাধান হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, একটি বড় ধরনের গুলির ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল। তিনি জানান, কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণের ব্যবস্থা সন্তোষজনক ছিল।
