নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছে ৮টি শিশু। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার ভোরে সশস্ত্র হামলাকারীরা গ্রামটিতে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। একথা জানান গ্রাম প্রধানের সচিব ডোগন রানা। তার ভাষ্য অনুযায়ী, নিহতের পাশাপাশি চারজন আহত হয়েছেন। উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় সশস্ত্র গ্যাং এবং অন্যান্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা দীর্ঘদিন ধরেই বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। এসব এলাকায় প্রায়ই গ্রামগুলোতে প্রাণঘাতী হামলা হয়।
অন্যদিকে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের বিচ্ছিন্ন অংশ আইএসডব্লিউএপি (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স)-এর সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে লড়াই চলছে। তবে কাদুনার এই হামলার দায় এ পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। আরেক স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশাইয়া দাওয়া জানান, স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে কাউরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে হামলাকারীরা প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।
তিনি বলেন, হামলাকারীরা কয়েকজনকে কুপিয়ে হত্যা করেছে। নিহতদের কয়েকজনের মৃতদেহ ইতিমধ্যে মর্গে পাঠানো হয়েছে। দাওয়ার ভাষায়, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। তিনি আরও জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দাওয়ার দাবি, হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে, কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মানসুর হাসান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
