টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। রোববারের শেষ ম্যাচে এবারের সহ-আয়োজকদের জয় ২০ রানে। তবে এদিন একটি অনাকাক্সিক্ষত রেকর্ডে এককভাবে চূড়ায় উঠে যান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়ায় এক বল বাকি থাকতে ১৪৩ রানে শেষ হয় আইরিশদের ইনিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাতে ক্রিজে আসেন শানাকা। প্রথম বলেই ব্যারি ম্যাককার্থির বলে জর্জ ডকরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এতদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন লঙ্কান তারকা। এবার সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি হয়ে গেল তার একার। ১০০ ম্যাচে বিমেনইয়ামানা ১৫ বার আউট হন রান ছাড়াই। ১৬২ ম্যাচে ১৪ বার শূন্যতে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটির তিনে আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তালিকার পরের জন বাংলাদেশের সৌম্য সরকার (১৩)। শানাকার ব্যর্থতার দিন অবদান রাখেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। পঞ্চম উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করে ৩০ বলে ৬৭ রান। ৪৩ বলে ৫ চারে ৫৬ রানে অপরাজিত থাকেন কুশল। ১৯তম ওভারের চতুর্থ বলে থামেন কামিন্দু। ১৯ বলে তার ৪৪ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ৪টি চার ও ২টি ছক্কায়। এর আগে ২৩ বলে ২৪ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। আয়ারল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন ম্যাককার্থি ও ডকরেল।
রান তাড়ায় শুরুটা ভালোই করে আইরিশরা। দলীয় শতরান ছোঁয়ার পর তৃতীয় উইকেট হারায় তারা। তবে এরপরই ঘুরে দাঁড়ায় লঙ্কান বোলাররা। নিয়মিত উইকেট তুলে নিয়ে ১৪৩ রানেই তারা আটকে ফেলেন আয়ারল্যান্ডকে। ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন তিনে নামা হ্যারি টেক্টর। ২৩ বলে ৩৪ রান আসে ওপেনার রস আদাইরের ব্যাট থেকে। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
