সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ। গতকাল সকাল সাড়ে ১১টায় প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত অন্য কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ প্রেসিডেন্টের কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও লেখেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো-এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহতায়ালা আমাদের বীর শহীদদের রুহের মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ: সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যান শেরেবাংলা নগরে। বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বঙ্গভবনে কাল প্রথম অফিস: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল মঙ্গলবার প্রথম বঙ্গভবনে অফিস করবেন। এদিন বেলা ১২টায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বঙ্গভবনে যাবেন বলে জানিয়েছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
