চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে সশস্ত্র হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সকাল আটটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন একটি আবাসিক এলাকায় এ সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল মুখে মাস্ক পরে টেম্পোতে করে জসিম উদ্দিন নামের ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এসে নামে। সে সময় তার ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। সন্ত্রাসীরা ভেতরে ঢুকে শুরুতেই শ্রমিকদের এলোপাতাড়ি মারধর ও ভবনের দরজা-জানালা ভাঙচুর করতে থাকে। একপর্যায়ে হাসান সাকি নামে এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পাশাপাশি ভবনের নিরাপত্তাকর্মীসহ অন্য শ্রমিকদেরও মারধর করা হয়। তাণ্ডব চালিয়ে চত্বর ত্যাগ করার সময় সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী মোহাম্মদ জসিম উদ্দিন হাটহাজারীর বড় দীঘিরপাড় এলাকার চাল ও চিনির একজন পাইকারি ব্যবসায়ী। সম্প্রতি তিনি নিজের বহুতল ভবনটির নির্মাণকাজ শুরু করেন। তিনি জানান, গত এক মাস ধরে একটি বিদেশি নম্বর থেকে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিল। মাঝে কিছুদিন নীরব থাকার পর গত এক সপ্তাহ ধরে আবারো চাঁদার জন্য চাপ দেয়া হচ্ছিল, যা তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। শেষমেশ চাঁদা না পেয়েই এই হামলা চালানো হয়।
স্থানীয় অধিবাসীরা জানান, শুধু জসিম উদ্দিনই নন বড় দীঘিরপাড় এলাকায় নির্মাণাধীন ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছেই ফোন করে চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য দেখা গেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
