ময়নামতি চরকে ঘিরে তীর সংরক্ষণ ও পর্যটন ভাবনা সরকারের

দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ময়নামতি চরকে ঘিরে তীর সংরক্ষণ ও পর্যটন ভাবনা সরকারের

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের করতোয়া নদীতে ভাঙনরোধে ৩১ কিলোমিটার এলাকা জুড়ে তীর সংরক্ষণে ব্লক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল বিকালে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর ডিসি পার্ক থেকে ময়নামতি চর সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন স্থানে নদীভাঙনে বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষয়রোধে টেকসই পরিকল্পনার অংশ হিসেবে তীরে কংক্রিট ব্লক বসানো হবে। একইসঙ্গে প্রায় ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙন কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতির খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় নদী ও খাল ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা জোরদার করা যায়। ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। নদীভাঙন থেকে চরাঞ্চল রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। আগামী জুনের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার প্রস্তুতি চলছে বলেও জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন