কুয়াকাটায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

ফন্ট সাইজ:

পর্যটন নগরী কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে খাবার হোটেলসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বেড়িবাঁধের বাহিরে সমুদ্র সৈকত এলাকায় সিকুইন হোটেল ও শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দির সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ২টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি মনোহরি দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান ও ১টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- সালমা বেগম (হোটেল তিন কন্যা), নাসির হাওলাদার (বিসমিল্লাহ হোটেল), শহীদ সিকদার (ঝিনুকের দোকান), বেল্লাল হোসেন (কাপড়ের দোকান), মিলন (মুদি মনোহরি দোকান), মিলন (জেনারেটরের দোকান), ও একটি চায়ের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকানগুলোর অধিকাংশই তালাবদ্ধ ছিল। একটি ঘরে লোক থাকলেও তারা বের হতে সক্ষম হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণসহ আশপাশের দোকানের মালামাল বের করতে সক্ষম হয়। ব্যবসায়ীদের দাবি, ফায়ার সার্ভিসে খবর দেয়ার ১ থেকে দেড় ঘণ্টা পর তারা এসেছে। স্থানীয়দের দাবি, কুয়াকাটা একটি পর্যটন শহর হলেও এখানে কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নেই। কলাপাড়া থেকে এখানকার দূরত্ব ২২ কিলোমিটার। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তাই কুয়াকাটায় একটি ফায়ার সার্ভিস স্টেশন করার দাবি জানিয়েছে তারা। এদিকে রমজানের মধ্যে আগুনের এমন ঘটনায় পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। সহায় সম্বল যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। এমন আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে উঠবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, আমরা খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন