দেশ প্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী রিতা

দেশ প্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী রিতা

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। তেমনি ঠিক কোনো দুর্নীতিবাজ মানুষও দেশপ্রেমিক হতে পারে না। যার মধ্যে দেশপ্রেম থাকবে, তিনি কখনো দুর্নীতি, অপকর্ম, সন্ত্রাস, দেশবিরোধী কোনো কাজ করতে পারবে না। দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেয়া। দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। রোববার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমান মন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। অন্যায়ের সাথে কখনো আপস করা যাবে না। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, বিগত সময়ে আমরা দেশ গড়ার সুযোগ পাইনি। এখন সেই সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হবো না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে পারব।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমাদের সুশিক্ষা অর্জন করে আগামীর সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। তোমাদের প্রস্তুতিই বাংলাদেশের প্রস্তুতি। তোমাদের মেধা ও কঠোর পরিশ্রম, দেশপ্রেমই আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের নেতৃত্বে নিয়ে যাবে। মাদক-সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপসহ সকল নেতিবাচক কাজকর্ম থেকে তোমাদের নিজেদের বিরত থাকতে হবে। পাশাপাশি তোমাদের সহপাঠী, ছোট-বড় ভাইবোনদেরও সকল নেতিবাচক কর্ম থেকে বিরত রাখতে হবে। তোমাদের যেকোনো প্রয়োজনে সরকার তোমাদের পাশে আছে।

আফরোজা খানম রিতা বলেন, আমার বাবা মানিকগঞ্জের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে আজীবন সহযোগিতা করে গেছেন। ইনশাআল্লাহ আমিও বাবার মতোই তোমাদের পাশে থাকব। তিনি বলেন, আমাদের এই সম্ভাবনাময় প্রজন্মকে কোনো অপশক্তিই বিপদগামী করতে পারবে না। এরাই আমাদের সম্পদ, আমরা তাদের সঠিক পথেই গড়ে তুলব। শিক্ষক ও অভিভাবক মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের আরো আন্তরিকতা দিয়ে তাদের পাশে থাকুন।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন