মেধাবী তরুণ-তরুণীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছে: আরিফুল হক চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ এর সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি, সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড.এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার জনাব মো. মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে আজ পা রেখেছ, তার রয়েছে একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য। কৃষিপ্রধান এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, কৃষি গবেষণায় এবং দক্ষ কৃষিবিদ তৈরিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চরিত্র গঠনের, নেতৃত্বের গুণাবলি অর্জনের এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের এক অমূল্য সময়। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৬ এর সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শিক্ষা আমাদের সরকারের এবং সর্বোচ্চ নেতৃত্বের প্রথম ও প্রধান অগ্রাধিকারের বিষয়। বাজেটে এ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষাখাতের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার সুদূরপ্রসারী লক্ষ্য হলো বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম শীর্ষ ‘সেন্টার অফ এক্সিলেন্স’ বা আন্তর্জাতিক মানসম্পন্ন ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও শিক্ষা খাত ভবিষ্যতে বিশাল অর্থনৈতিক ও বৈশ্বিক সম্ভাবনা তৈরি করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি বলেন, তোমাদের কেন্দ্র করে প্রতিটি বাবা-মায়ের চোখে অনেক বড় স্বপ্ন আঁকা রয়েছে। জীবন গড়ার এই সময়টিই তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধা ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন