নয় বছরের বর্ণাঢ্য লিভারপুল অধ্যায় শেষে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন মোহাম্মদ সালাহ। তুরস্কের জনপ্রিয় ক্লাব বেসিকতাসের সঙ্গে মিশরের এই মহাতারকার চুক্তি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাতো’-র বরাত দিয়ে মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে একটি মৌখিক চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেসিকতাসের ম্যানেজমেন্টের সঙ্গে সালাহর আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এছাড়া চুক্তিতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
তুরস্কের ক্লাবটিতে তার আর্থিক চুক্তির বিবরণও প্রকাশ্যে এসেছে। বার্ষিক ১০ মিলিয়ন ইউরো বেতন পাবেন সালাহ, বাংলাদেশি মুদ্রায় যা ১৪০ কোটিরও বেশি। এর বাইরে পারফরম্যান্সভিত্তিক বোনাস ও ইনসেন্টিভ হিসেবে আরও দুই মিলিয়ন ইউরো পাওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই মহাতারকার।
গত মৌসুমের শেষেই অ্যানফিল্ডের সঙ্গে সালাহর দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে। চুক্তি শেষ হওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে নানা গুঞ্জন শোনা যায়। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তুর্কি সুপার লীগের ক্লাবে তার এই হাই-প্রোফাইল বদলি নিশ্চিত হতে যাচ্ছে।
ফরাসি গণমাধ্যমের দাবি, এখন কেবল কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। আইনি ও দাপ্তরিক কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে সালাহর বেসিকতাসের জার্সি গায়ে জড়ানোর ঘোষণা আসবে।
দীর্ঘ নয় বছর লিভারপুলের হয়ে ৩২৮ ম্যাচে ১৯৩ গোল ও ৯৪ অ্যাসিস্ট রয়েছে সালাহর খাতায়। অলরেডদের জার্সিতে রেকর্ড ভাঙা ও গড়ার পর, মিশরীয় রাজার ক্যারিয়ারের এই নতুন বাঁক বিশ্বজুড়ে তার কোটি ভক্তকে রোমাঞ্চিত করছে।
