এক মাসের মধ্যে সমাধানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

রেস্টুরেন্টেগুলোতে বিদেশি কর্মীর সংকট

এক মাসের মধ্যে সমাধানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার ভারতীয় মুসলিম (মামাক) রেস্তোরাঁ খাতে দীর্ঘদিন ধরে চলা বিদেশি কর্মীর সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে মাত্র এক মাস সময় বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্য স্টার অনলাইন লিখেছে, প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে জারি করবেন। নির্দেশনায় তীব্র জনবল সংকটের সম্মুখীন হওয়া অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে একটি কার্যকর সমাধান বের করার কথা বলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে পেনাং ইন্টারন্যাশনাল কনভেনশন কালচারাল অ্যান্ড আর্টস সেন্টারে ‘ইন্ডিয়ান মুসলিম ট্রান্সফরমেশনাল ফ্রেমওয়ার্ক ২০৩০’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। দ্য স্টার অনলাইন লিখেছে, সরকার যে শুধু শ্রম ঘাটতি পূরণের জন্যই অবাধে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেবে না, আনোয়ার ইব্রাহিম তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তবে রেস্তোরাঁসহ কিছু নির্দিষ্ট খাতে জরুরি ভিত্তিতে জনবল সংকট মেটানোর প্রয়োজনীয়তার কথাও তিনি স্বীকার করেছেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘এমন একটি দেশে যেখানে ইতিমধ্যে প্রচুর বিদেশি কর্মী আছে (যাদের মধ্যে অনেক অনিবন্ধিত কর্মীও রয়েছে), সেখানে সব ধরনের শ্রম ঘাটতি মেটাতে আমরা ঢালাওভাবে নিয়োগের সুযোগ উন্মুক্ত করে দিতে পারি না।’ তবে তিনি আশ্বাস দেন যে, ব্যবসায়ী খাতের তাৎক্ষণিক জনবল চাহিদার সাথে দেশের বিদেশি কর্মীবাহিনীকে আরও ভালোভাবে পরিচালনার প্রচেষ্টার মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখাই হবে সরকারের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম পার্তুবুহান গাবুনগান মুকমিন ন্যাশনাল (মুকমিন)-এর অধীনে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও শিক্ষার সহায়তার জন্য ২০ লাখ রিঙ্গিত বরাদ্দের অনুমোদন দেন।

ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ, অর্থায়ন, শিক্ষা এবং আবাসন সংক্রান্ত সমস্যা সমাধানে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নতি করার জন্য আমাদের আপনাদের মতামত শুনতে হবে। আমি কখনোই এমনটা মনে করি না যে আমি আমার সেরাটা দিয়েছি বা সবকিছু নিখুঁত, আমি প্রতিনিয়ত শিখছি।’ মালয়েশিয়াকে একটি সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ দেশ হিসেবে অগ্রসর করতে তিনি সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন