সবজির দাম বেড়ে চলেছে। বেশির ভাগ সবজির দাম এখন একশ’ টাকা বা এর কম-বেশি। কাঁচামরিচের দাম ছুঁয়েছে প্রায় ট্রিপল সেঞ্চুুরির ঘর। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তা ছাড়াও মাছ, ডিম আর ব্রয়লার মুরগির দামও বেশ চড়া। শুক্রবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার, মিরপুর ১০ ফকিরবাড়ী কাঁচাবাজারসহ একাধিক বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে। নিত্যপণ্যের চলমান মূল্যবৃদ্ধির কারণে কেনাকাটায় রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। তা ছাড়া, সবজির মধ্যে প্রতি কেজি কচুর লতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বরবটি ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা, পটোল ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, করলা ১২০ টাকা, বেগুন (লম্বা) ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং কাকরোল ১২০ টাকা, জালি প্রতি পিস ৮০ টাকা, লাউ ১০০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা বিক্রি হচ্ছে। এসব সবজির বেশির ভাগেরই দাম সপ্তাহ-দুয়েক আগে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও তা এখন বেড়ে ১০০ টাকার উপরে পৌঁছেছে।
মুদি পণ্যের মধ্যে বাজারে পিয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ফলে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা। কোনো কোনো বাজারে পিয়াজের কেজি ৬০ টাকা।
ডিম-মুরগির দাম ঊর্ধ্বগতি অব্যাহত: সবজির পাশাপাশি ডিম ও মুরগির বাজারেও কিছুটা অস্থিরতা রয়েছে। বিশেষ করে মুরগির দাম বাড়ার পর তা আর কমেনি। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও দোকানভেদে কম-বেশি দাম রাখা হচ্ছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ধরনভেদে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।
মাছের বাজারও চড়া: বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। মাঝারি আকারের চাষের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে, যা কয়েক দিন আগেও ছিল ৩৫০ থেকে ৩৮০ টাকা। তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৯০০ টাকা এবং চাষের চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সবজি চাষে বাধাগ্রস্ত হয়েছেন চাষিরা। অতিবৃষ্টিতে সবজি পচে যাওয়াসহ পরিবহন সংকটের কারণে বাজারে এখন সবজির সরবরাহ কম। এই প্রাকৃতিক সংকটের সুযোগে অনেক ব্যবসায়ী আবার অতিরিক্ত দাম হাঁকছেন। তা ছাড়া, টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের পুকুর ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে মাছের সরবরাহও কমেছে। ফলে কয়েক দিনের ব্যবধানে মাছের দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ওদিকে, বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচামরিচ। একটু পানিতেই পচে যাচ্ছে মরিচ। ফলে বেশি সময় সংরক্ষণও করা যাচ্ছে না এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
মহাখালী কাঁচাবাজারে বাজার করতে এসে ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত কিছুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিল। আজকের বাজারে বেশির ভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা। মনে হচ্ছে ত্বরিত গতিতে বাড়ছে দাম! একই বাজারে মেসের জন্য বাজার করতে আসা তিতুমীর কলেজ শিক্ষার্থী এনামুল হাসান বলেন, টিউশনি হচ্ছে আয়ের উৎস। দুইটা টিউশনি থেকে আয় বাড়ে না, কিন্তু নিত্যপণ্যের দামের রীতিমতো ঊর্র্ধ্বগতিতে হিমশিম খাচ্ছি।
