রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র চিবুকে কসমেটিক সার্জারি করিয়েছেন। এরপর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা দিয়েছেন তিনি। এ সময় অন-অফ সম্পর্কের ইনফ্লুয়েন্সার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েন ভিনি। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড চিবুকের সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচার (চিন হারমোনাইজেশন) করিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সার্জারির পর প্রথম জনসমক্ষে উপস্থিত হন ব্রাজিলের কেন্দ্রীয় অঞ্চলের গোইয়ানিয়ায় ভার্জিনিয়া ফনসেকার নতুন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে। এ খবর দিয়েছে একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা।
এতে বলা হয়, ওই অনুষ্ঠানে তাদের দু’জনকে চুম্বন করতে দেখা যায়। পরে ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আরেকটি স্বপ্ন পূরণ হলো! আমাদের @ওয়েজিমÑব্রা’কে সমর্থন জানাতে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি গোইয়ানিয়ার সবাই আমাদের জিমে এসে অনুশীলন করবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম টিএমসি জানিয়েছে, বিশ্বকাপ শেষে গোইয়ানিয়াতেই ভিনিসিয়াস জুনিয়র চিবুকের হারমোনাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করান। ওই আসরের শেষ ষোলোতে ব্রাজিল নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। চর্মরোগ বিশেষজ্ঞ ড. আলেসান্দ্রো আলারকাও-এর সঙ্গে তোলা একটি ছবিতে দেখা যায়, ভিনিসিয়াসের চিবুক আগের তুলনায় আরও সুগঠিত ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের কসমেটিক চিকিৎসার নির্দিষ্ট খরচ না থাকলেও, বৃটেনে চিকিৎসার ধরন অনুযায়ী এর ব্যয় প্রায় ৩ হাজার থেকে ১৪ হাজার পাউন্ডেরও বেশি হতে পারে।
আবার একসঙ্গে ভিনিসিয়াস ও ভার্জিনিয়ার উপস্থিতির মধ্য দিয়ে তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার বিষয়টি কার্যত নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শুরুর আগে ভার্জিনিয়া তাদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। ২০২৫ সালে প্রথমবার তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পর থেকে তারা অন-অফ সম্পর্কে ছিলেন। তবে চলতি মাসে একটি বিলাসবহুল প্রমোদতরীতে একসঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়, তারা আবারও সম্পর্কে ফিরেছেন।
বিশ্বকাপের পর সমালোচিত ভিনি
ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েক দিনের মধ্যেই বিকিনি পরা ভার্জিনিয়াকে ভিনিসিয়াসের কোলে বসে থাকা অবস্থায় দেখা যায়। সেই ছবি প্রকাশের পর ব্রাজিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই তারকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ভিনিসিয়াস চারটি গোল করলেও নকআউট পর্বে আর গোল করতে পারেননি। শেষ ষোলোতে আরলিং হালান্ডদের নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এ ছাড়া নরওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেয়ার দায়িত্ব না নেয়ায়ও সমালোচনার মুখে পড়েন তিনি। তখন ম্যাচের স্কোর ছিল ০-০। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করেন। এরপর কার্লো আনচেলত্তির দলে থাকা খেলোয়াড়দের মধ্যে মাত্র একজন ব্রাজিলে ফিরে সমর্থকদের মুখোমুখি হওয়ায় দেশটির ফুটবল মহলে আরও ক্ষোভ তৈরি হয়।
