বৃটেনের একটি প্রস্তুতিমূলক (প্রেপ) স্কুলের সাবেক শিক্ষিকা ডেবোরাহ ফ্র্যাঙ্কলিনের (৬৫) বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে দীর্ঘ দিন ধরে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে। এ নিয়ে চলমান মামলায় আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে এসেছে। সেন্ট অ্যালবানস ক্রাউন কোর্টে শুনানিতে অভিযোগকারী ব্যক্তির পরিবারের সদস্য ও শৈশবের বন্ধুদের সাক্ষ্যে দাবি করা হয়েছে, ফ্র্যাঙ্কলিনের সঙ্গে ওই শিশুর সম্পর্ক ছিল অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ এবং তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।
হার্টফোর্ডশায়ারের একটি প্রেপ স্কুলে শিক্ষকতা করার সময়, ১৯৯১ থেকে ১৯৯৫ সালের মধ্যে ১৪ বছরের কম বয়সী এক ছেলের সঙ্গে গুরুতর অশালীন যৌন আচরণের আটটি অভিযোগে বিচার চলছে ফ্র্যাঙ্কলিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নয় বছর বয়সে ছেলেটি তার ক্লাসে ভর্তি হওয়ার পর তাদের পরিচয় হয়। পরে ফ্র্যাঙ্কলিন তার ব্যক্তিগত শিক্ষকও হন। বর্তমানে চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি দাবি করেন, তিনি মনে করতেন যে ফ্র্যাঙ্কলিনের সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক রয়েছে এবং বহু বছর ধরে তিনি তার যৌন নির্যাতনের শিকার হন। আদালতে অভিযোগকারীর বড় বোন বলেন, একবার তিনি ফ্র্যাঙ্কলিনকে তার ছোট ভাইয়ের সঙ্গে একই কম্বলের নিচে বই পড়তে দেখেছিলেন। তার ভাষায়, সে সময় ফ্র্যাঙ্কলিনকে তিনি প্রাণবন্ত, আকর্ষণীয় ও সহজে সবার সঙ্গে মিশে যেতে পারেন এমন একজন মানুষ হিসেবেই চিনতেন।
তিনি বলেন, ফ্র্যাঙ্কলিন প্রায়ই তাদের বাড়িতে আসতেন এবং পরিবারের বন্ধু হয়ে উঠেছিলেন। পরে তিনি জানান, তার ভাই ২০২৪ সালে জানতে পারেন যে ফ্র্যাঙ্কলিন এখনো একই স্কুলে কর্মরত। এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগকারীর এক সাবেক স্কুলবন্ধু আদালতে বলেন, ফ্র্যাঙ্কলিন ও ওই ছাত্রের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। অনেক সময় তা প্রেমিক-প্রেমিকার মতো মনে হতো। তার দাবি, স্কুল ভ্রমণে তারা হাত ধরাধরি করে হাঁটতেন এবং টেলিভিশন দেখার সময়ও একে অপরের খুব কাছাকাছি বসতেন। তিনি আরও বলেন, পরে অভিযোগকারী তাকে জানান যে শিক্ষিকা তার সামনে নগ্ন হয়েছিলেন এবং তাদের মধ্যে অনুপযুক্ত শারীরিক ঘনিষ্ঠতা হয়েছিল।
অভিযোগকারীর বড় ভাই বলেন, ফ্র্যাঙ্কলিনকে তিনি সবসময় প্রাণবন্ত ও বন্ধুসুলভ মানুষ হিসেবে দেখেছেন। তিনি আদালতকে জানান, ফ্র্যাঙ্কলিন প্রায়ই তার ভাইয়ের সঙ্গে সময় কাটাতেন এবং অন্তত একবার তাকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন। ভাইয়ের দাবি, একবার ফ্র্যাঙ্কলিন তাকে একটি সংগীতানুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানান এবং যৌনতা সম্পর্কিত ব্যক্তিগত মন্তব্যও করেন। তবে ফ্র্যাঙ্কলিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
