বিশ্বকাপে অভিষেক আসরের প্রথম ম্যাচেই দুর্যোগের ঘনঘটা ইতালি দলে। কলকাতায় স্কটল্যান্ডের বিপক্ষে গতকাল ফিল্ডিংয়ের সময় মারাত্মক চোট পেয়ে উঠে যান অধিনায়ক ওয়েন ম্যাডসেন। এ চোটে বিশ্বকাপই শেষ হয়ে যেতে পার ইতালিয়ান অধিনায়কের। শেষ পর্যন্ত স্কটল্যান্ডের দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়ায় অনেক আগেই গুটিয়ে যায় ইতালি। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৭ রান তোলে বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটাল্যান্ড। রান তাড়ায় ১৬.৪ ওভারে ১৩৪ রানে শেষ হয় ইতালিয়ানদের ইনিংস। স্কটিশদের জয় ৭৩ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে এটিই তাদের সবচেয়ে বড় জয়। ঘটনাটি স্কটল্যান্ডের চতুর্থ ওভারের। জর্জ মানজির বল আটকাতে বাঁ দিকে ডাইভ দেন ম্যাডসেন। তবে বল আটকাতে পারেননি এ ৪২ বছর বয়সী তারকা, উল্টো কাঁধে পান মারাত্মক চোট। ম্যাডসেনের চোখেমুখে ফুটে ওঠে প্রচণ্ড যন্ত্রণার অনুভূতি। কাঁধ চেপে ধরে মাঠেই কাতরাতে থাকেন কিছুক্ষণ। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ার সময়ও স্পষ্ট যন্ত্রণা দেখা যায় তার চেহারায়। পরে ইতালির ডাগআউটের সামনে থেকে ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, ওয়েন ম্যাডসেনের কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। এই ম্যাচে তাকে আর দেখা যাবে না। পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না, তা পরে জানা যাবে।’ ম্যাডসেনের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। দেশটির হয়ে ২০০৬ কমনওয়েলথ গেমস ও একই বছরে হকি বিশ্বকাপেও অংশ নেন তিনি। তবে ক্রিকেটে বেশি ঝোঁক থাকার কারণে কয়েক বছর খেলেন ঘরোয়া ক্রিকেটেও। ২০০৮-এ ইংল্যান্ডে পাড়ি জমিয়ে খেলেন কাউন্টি ক্রিকেটেও। ডার্বিশায়ার কাউন্টি ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন এক সময়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৩ ম্যাচে ৪৩টি সেঞ্চুরি আছে ম্যাডসেনের, রান করেছেন ১৭ হাজারের বেশি। গত মৌসুমেও ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে প্রায় ৫৮ গড়ে করেছেন ১ হাজার ১৫৮। ১১৭টি লিস্ট ‘এ’ ম্যাচের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ২১৯টি। দাদির দেশ ইতালির হয়ে ম্যাডসেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২৩-এ। এবার স্বপ্নের মঞ্চে এসে অভিষেক ম্যাচেই ভাগ্যের কাছে হারতে হলো তাকে। আগে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ৮৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার জর্জ মানজি। ১৮ বলে ৪১ রানের টর্নেডো ইনিংসে অপরাজিত থাকেন তিনে নামা ব্র্যান্ডন ম্যাকমুলেন। শেষ দিকে আরেক অপরাজিত ব্যাটার মাইকেল লেসকের ৫ বলে ২২ রানের ক্যামিওতে সংগ্রহ বড় হয় স্কটল্যান্ডের।
রান তাড়ায় প্রথম বলেই খেই হারায় ইতালি, ফিরে যান ওপেনার জাস্টিন মসকা। ইতালিয়ানদের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন বেন মেনেনটি। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেসক।
অভিষেকে বড় ধাক্কার পর হার ইতালির
স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
