পারেদেসের শাস্তির বিপক্ষে গাভি

পারেদেসের শাস্তির বিপক্ষে গাভি

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যকার হাতাহাতি নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। বিশেষ করে, আলবিসেলেস্তেদের লিওয়ান্দ্রো পারেদেসের ধাক্কা খেয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন বার্সেলোনা ও স্প্যানিশ মিডফিল্ডার গাভি। তবে উত্তপ্ত সেই পরিস্থিতির পর এবার এক সম্পূর্ণ চমকপ্রদ মন্তব্য নিয়ে হাজির হয়েছেন গাভি স্বয়ং।
বিতর্কিত ঘটনার পর সবাইকে অবাক করে দিয়ে গাভি জানিয়েছেন, তিনি পারদেসের কোনো প্রকার শাস্তি বা নিষেধাজ্ঞা চান না। যদিও ফুটবলারদের আচরণ শিশুদের জন্য সবসময় অনুকরণীয় হওয়া উচিত, তবুও মাঠে লড়াইয়ের অংশ হিসেবেই বিষয়টি দেখতে চান ১৯ বছর বয়সী এই তারকা।

পারদেসের সম্ভাব্য ফিফা নিষেধাজ্ঞা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পারতিদাজো ‘দে কোপে’-কে দেয়া সাক্ষাৎকারে গাভি বলেন, ‘সত্যি বলতে, আমি মোটেও মনে করি না যে পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি বুঝি, এটি শিশুদের সামনে খুব একটা ভালো কিছু উপস্থাপন করে না। তবে ফুটবলের একটি শারীরিক ও আগ্রাসী দিকও রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল, আর বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত ছিল।’ খেলার আবেগ ও মাঠের লড়াই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দিনশেষে, এটা ফুটবল এবং আমার মনে হয় এই বিষয়গুলোকে মাঠের ফুটবল হিসেবেই দেখা উচিত।’

উল্লেখ্য, ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার বোকা জুনিয়র্স মিডফিল্ডার পারেদেস প্রথমে এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান। গাভি থামাতে এলে পারেদেস তাকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফিফা বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, কোনো প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এছাড়া, স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার অভিযোগে নাহুয়েল মোলিনা এবং সেমিফাইনালে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের জন্যও আর্জেন্টাইন দল বড় ধরণের শাস্তির মুখে পড়তে পারে। তবে নিজে আক্রান্ত হয়েও গাভির এমন উদার মন্তব্য ফুটবল বিশ্বে প্রশংসিত হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন