মেসিকে ভালোবাসায় সিক্ত করলো রোজারিও

মেসিকে ভালোবাসায় সিক্ত করলো রোজারিও

ফন্ট সাইজ:

আরেকবার বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছোঁয়া হয়নি লিওনেল মেসির। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলটা যেন পুরো আর্জেন্টিনার বুকে কাটার মতো বিঁধে। তবে হারের সেই তীব্র বেদনার মাঝেও ঘরের ছেলেকে ভালোবাসা জানাতে কার্পণ্য করলো না রোজারিওবাসী।

বিশ্বকাপের ক্লান্তি আর হারের ক্ষত বুকে নিয়েই মঙ্গলবার ভোরে নিজের জন্মশহর রোজারিওতে পা রাখেন অধিনায়ক মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে উড়ে আসা মেসির ব্যক্তিমালিকানাধীন বিমানটি যখন সেখানে অবতরণ করে, তখন ঘড়িতে সময় ঠিক ভোর ৬টা ২৭ মিনিট। প্রিয় তারকাকে একনজর দেখতে মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটা থেকেই বিমানবন্দর প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো সমর্থক। হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা, গায়ে আকাশী-সাদা জার্সি আর চোখে-মুখে শুধুই ভালোবাসার আকুতি।

যদিও মেসি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ করেননি ভক্তদের সঙ্গে। বিমানবন্দর থেকে রানওয়েতে প্রস্তুত থাকা একটি গাড়িতে করে সরাসরি ফুনেস এলাকার নিজস্ব বাসভবনে চলে যান তিনি।

মেসির সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তান। আর রোজারিওতে তাদের জন্য অপেক্ষায় ছিলেন মেসির ৬৮ বছর বয়সী অসুস্থ বাবা হোর্হে মেসি।

মাঠে মেসি হয়তো এবার ট্রফি তুলে ধরতে পারেননি, তবে আর্জেন্টাইনদের হৃদয়ে তার আসন যে অমলিন, তার প্রমাণ মিললো বিমানবন্দরে অপেক্ষারত ভক্তদের প্ল্যাকার্ডে। খুদে দুই ভক্তের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল- ‘মেসি, তুমি এক জীবন্ত কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ ফিরিয়ে দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।’

টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে আলবিসেলেস্তে মহাতারকার মোট গোলসংখ্যা দাঁড়ালো ২১-এ। এক গোল বেশি নিয়ে মেসির আগে আছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে (২২)।

পরিবারের সঙ্গে আপাতত কয়েকদিনের ছুটি কাটাবেন মেসি। এরপর চলতি মাসের শেষ অথবা আগস্টের শুরুতে আবারো ইন্টার মায়ামির হয়ে মেজর লীগ সকারের (এমএলএস) মৌসুমে যোগ দেয়ার কথা রয়েছে তার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন