রাজধানীর রমনা এলাকা হতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে দ্রুত উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করে রমনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ তানভীর আহমেদ ওরফে ফাহিম, ইফফাত ইয়ামিন লিখন, হাসান আল বান্না ওরফে হাসান ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জু। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানাধীন সিদ্ধেশ্বরীস্থ শান্তিনগরের মোড়ে ভুক্তভোগী আসলে গ্রেপ্তারকৃত ওয়াহিদুর রহমান শান্ত কৌশলে বাসায় দেখা করার কথা বলে। তাকে চামিলিবাগস্থ নির্মাণাধীন ১০ তলা একটি ভবনের ২য় তলায় নিয়ে যায়। সেখানে গ্রেপ্তারকৃতরা আফনান সাঈদের ব্যবহৃত ফোনের মাধ্যমে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চায়। পরে তার বাবাকেও বিকাশ নম্বরে টাকা চেয়ে ফোন করে এবং মুক্তিপণের টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীর বাবা কোনো উপায় না পেয়ে সচিবালয়ের চাকরি করার সুবাদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুক্তভোগীকে উদ্ধারের জন্য নির্দেশনা দেন। নির্দেশনার প্রেক্ষিতে রমনা মডেল থানা পুলিশ দ্রুত ভুক্তভোগীকে উদ্ধারের কাজ শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করে এবং অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে। ডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এর আগে আরও ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল মাধ্যমে প্রতারণার মাধ্যমে ব্ল্যাকমেইল ও অপহরণ করে মুক্তিপণ দাবি ও আদায় করতো।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার
অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
