মোজাফফর হোসেনকে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্ন রিজভীর

মোজাফফর হোসেনকে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্ন রিজভীর

ফন্ট সাইজ:

গত ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন, এই ৪৫ বছর তিনি কোথায় ছিলেন? আন্তর্জাতিক বা দেশের ভেতরে কারা তাকে আশ্রয় দিয়েছে?
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগের সংগঠনের সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হতাশা নয়, বরং কঠোর পরিশ্রমে বিশ্বাসী হয়ে দলের আদর্শকে বুকে ধারণ করে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, হতাশ হওয়ার কিছু নেই। ন্যায়ের শূন্যতা একদিন নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং শত প্রতিকূলতা পেরিয়ে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ প্রমাণ করে যে, কারো শ্রম বা আত্মদান কখনো বৃথা যায় না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তিনি জানান, সরকার ফ্যামিলি কার্ডের পরিসর বাড়াচ্ছে এবং কৃষক কার্ড দিচ্ছে। এক-দুই বছর পর এসবের সুফল যখন মানুষের হাতে পৌঁছাবে, তখন জাকির হোসেন নান্নুর মতো নেতাদের আত্মদান সার্থক হবে।

দীর্ঘ ১৭ বছর বাড়ি-ঘর ও আত্মীয়-স্বজন ছাড়া প্রবাসে নানা নিপীড়ন সহ্য করে দলের চেয়ারম্যানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে একটি ‘বড় ও অস্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করে নেতা-কর্মীদের তার প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান রিজভী। তিনি বিগত প্রহসনের ‘আমি এবং ডামি’ নির্বাচনের পর তৈরি হওয়া হতাশা কাটিয়ে এই বিজয়কে বড় অর্জন হিসেবে আখ্যা দেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের কথা স্মরণ করে বলা হয়, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো (যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল) এই বিপ্লবের সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম। বিএনপির মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন