ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

নিতে পারবে যারা

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ফন্ট সাইজ:

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গুর টিকার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা টিকা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। খবর এপির।
ডেঙ্গু এমন একটি ভাইরাসজনিত রোগ, যা তীব্র জ্বর, ফ্লুর মতো উপসর্গ এবং শরীরে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং দ্রুত নগরায়ণের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এই টিকার গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনার পর ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এনিয়ে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু প্রতিরোধে এই টিকা ব্যবহার করা যাবে।

দুই ডোজের টিকা
কিউডেঙ্গা টিকা দুই ডোজে দেয়া হয়। প্রথম ডোজ নেয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ দিতে হবে। টিকাটির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তাকেদা ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই- এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের (সেরোটাইপ) বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশে অনুমোদিত। এ ছাড়া টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক-যোগ্যতা অর্জন করেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ কিউডেঙ্গা বিতরণ করা হয়েছে এবং এখন পর্যন্ত এর নিরাপত্তা নিয়ে বড় কোনো উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বিশ্বে ১০ থেকে ৪০ কোটি মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হয়।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

আসছে ভারতের নিজস্ব ডেঙ্গু টিকাও
এদিকে, ভারতের নিজস্ব ডেঙ্গু টিকা তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যানাসিয়া বায়োটেকের তৈরি ডেঙ্গিঅল বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে। টিকাটি অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম একক ডোজ (সিঙ্গেল-ডোজ) ডেঙ্গু টিকাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন