হুতিদের হুঁশিয়ারিতে বিপাকে সৌদি, দুই ট্যাংকারের রুট পরিবর্তন

হুতিদের হুঁশিয়ারিতে বিপাকে সৌদি, দুই ট্যাংকারের রুট পরিবর্তন

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর রিয়াদের অপরিশোধিত তেল বহনকারী অন্তত দুটি ট্যাংকার লোহিত সাগরে তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এলএসইজির তথ্য অনুযায়ী, ‘সিন লং ইয়াং’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার সোমবার সৌদির ইয়ানবু বন্দর থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে লোহিত সাগর ছেড়ে যাওয়ার আগেই জাহাজটি ইউ-টার্ন নিয়ে সুয়েজ খালের দিকে রওনা হয়।
একইভাবে ‘রোডোস’ নামের আরেকটি আফ্রাম্যাক্স ট্যাংকার, যা ভারতের জন্য প্রায় ৭ লাখ ব্যারেল সৌদি তেল বহন করছিল, সেটিও মঙ্গলবার সুয়েজ খালের দিকে ঘুরে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের পেছনে রয়েছে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ঘোষণা। সোমবার (২০ জুলাই) হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। সেই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে ই-মেইলে সতর্ক করে জানায়, সৌদি বন্দরে পণ্য ওঠানামা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বর্তমানে হুতিরা উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা, পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় অংশ নিয়ন্ত্রণ করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়েছে। এরপর থেকে সৌদির ইয়ানবু বন্দর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির অন্যতম প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানো হতো।
তবে হুতিদের নতুন হুমকির ফলে সেই বিকল্প পথও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন