ইরানের মুহুর্মুহু হামলায় ১০০ মার্কিন সেনা আহত

সিবিএস এক্সক্লুসিভ

ইরানের মুহুর্মুহু হামলায় ১০০ মার্কিন সেনা আহত

ফন্ট সাইজ:

চলতি মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
পেন্টাগন প্রধানের মুখপাত্র সিন পার্নেল এক বিবৃতিতে সিবিএসের এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, ২০২৬ সালের ৭ জুলাই থেকে অন্তত ১০০ জন মার্কিন সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। তবে এরমধ্যে ৯৬ শতাংশ সেনা তাদের কাজে ফিরেছেন।
পার্নেল বলেন, সেনারা লড়াইয়ে ফিরতে দৃঢপ্রতিজ্ঞ। বেশিরভাগ সেনার আহতের মাত্রা ছিল সামান্য।

গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর গত ৬ জুলাই থেকে দেশ দুইটির মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়। উভয় পক্ষই একের অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঝুঁকি কমাতে তারা ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও জর্ডান, কুয়েত, বাহরান এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে একাধিক হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হয়েছে।
এসব ইরানি হামলায় ঠিক কতজন মার্কিন সেনা আহত হয়েছেন বা কী পরিমাণে সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী গত সপ্তাহে ঘোষণা দেয় যে, জর্ডানের এক ঘাঁটিতে ইরানের হামলায় তাদের দুইজন সেনা নিহত হয়েছে। এ ছাড়া দেশটিতে তাদের আরেক সেনা নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্র আরও জানায়, ইরাকে অবিস্ফোরিত এক বস্তু নিষ্ক্রিয় করতে গিয়ে আরেক মার্কিন সেনা নিহত হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ৪১৩ জন সেনা আহত হয়েছে। তবে এই তালিকায় চলতি মাসে আহত মার্কিন সেনাদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
ডিসিএএসের ওয়েবসাইটে বলা হয়েছে, আহত মার্কিন সংখ্যার তালিকা ৪২৭ জন। এরমধ্যে নিহত হয়েছে ১৪ জন। তবে গত সপ্তাহে নিহত মার্কিন সেনাদের তালিকাভুক্ত করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (২০ জুলাই) তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, যতবার ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে, সেই হত্যার জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে!
এই নির্দেশনা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং অন্যান্য সামরিক নেতাদের দেয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। 

No name

২ ঘন্টা আগে

বর্তমান পৃথিবীতে কোনো কোনো রাষ্ট্রপতির একমাত্র কাজই হচ্ছে অন্যের সাথে যোক্তিক / অযোক্তিক যুদ্ধে লিপ্ত থাকা? স্বীয় স্বার্থে / অন্যের স্বার্থে যুদ্ধে জড়িয়ে যাওয়া? পৃথিবীতে মানুষ কি ভাবলো থোড়াই কেয়ার করা? (শ্রীফ মাস্তানি?)

মন্তব্য করুন