সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর) সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভাইরাল ভিডিও প্রসঙ্গে লিখিত বক্তব্য দিয়ে দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে ব্যাখ্যা দিয়ে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, ‘গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে গিয়ে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। পরে তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয় এবং ভাড়ায় ব্যবহৃত গাড়িটি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।’
লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, ‘এ ঘটনার পেছনে তার দ্বিতীয় স্ত্রীর পিতা মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বের পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জের রয়েছে।’
ভাইরাল ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম বলেন, ‘হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ওই ভিডিওকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মোছা. মরিয়াম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই।
যারা তাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য লিখিত বক্তব্যে এমপি গাজী নজরুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

User
৪ ঘন্টা আগেSame as 501