৩ বাংলাদেশি সহ ৯ জনের বিরুদ্ধে ৪১ অভিযোগ

বৃটেনে শিশু যৌন শোষণ চক্র

৩ বাংলাদেশি সহ ৯ জনের বিরুদ্ধে ৪১ অভিযোগ

ফন্ট সাইজ:

বৃটেনে শিশু যৌন শোষণ চক্রের তদন্তে বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি ৩ জন সহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বৃটিশ পুলিশ। তাদের বয়স ৫৪ থেকে ৭৬ বছরের মধ্যে। গোয়েন্ট পুলিশ জানিয়েছে, অপারেশন ওক-এর অংশ হিসেবে সোমবার নবম ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে শিশু অবস্থায় একাধিক নারীর ওপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত করছে এই বিশেষ অভিযান। অভিযোগে থাকা আটজন ভুক্তভোগী ঘটনার সময় সবাই শিশু ছিলেন। ১৭ই জুলাই নিউপোর্ট থেকে ৭৬ বছর বয়সী মোহাম্মদ রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে।

এগুলো হলো- ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে ধর্ষণের দুটি অভিযোগ। ১৬ বছরের কম বয়সী এক কিশোরীর ওপর অশালীন হামলার তিনটি অভিযোগ। ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে যৌন পেশায় বাধ্য করার একটি অভিযোগ। ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে ধর্ষণের ষড়যন্ত্রের একটি অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের কয়েকটি অভিযোগ একাধিক ঘটনার সঙ্গে সম্পর্কিত। নিউপোর্টের বাসিন্দা মোহাম্মদ রমজান বৃটিশ নাগরিক। তার স্ব-ঘোষিত জাতিগত পরিচয় এশিয়ান পাকিস্তানি।

তদন্তে এ পর্যন্ত নয়জনের বিরুদ্ধে মোট ৪১টি অভিযোগ আনা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন শাফাক মোহাম্মদ (৫৮), বার্মিংহাম। তার স্ব-ঘোষিত জাতিগত পরিচয় এশিয়ান পাকিস্তানি। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণের চারটি অভিযোগ, ১৬ বছর বা তার বেশি বয়সী নারীকে ধর্ষণের তিনটি অভিযোগ, ধর্ষণে সহায়তার দুটি অভিযোগ এবং যৌন পেশায় বাধ্য করার দুটি অভিযোগ। সৈয়দ মোহাম্মদ আহসান তাকভি (৬৫), নিউপোর্ট। তার স্ব-ঘোষিত জাতিগত পরিচয় এশিয়ান পাকিস্তানি। তার বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণের তিনটি অভিযোগ রয়েছে। মোহাম্মদ শেখ আবদুল হান্নান (৫৪), এডিনবরা। তিনি বৃটিশ বাংলাদেশি। তার বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী নারীকে ধর্ষণের দুটি অভিযোগ, অশালীন হামলার একটি অভিযোগ, ধর্ষণে সহায়তার তিনটি অভিযোগ এবং ধর্ষণের ষড়যন্ত্রের দুটি অভিযোগ রয়েছে। কেভিন লরেন্স (৫৪), ডুনুন। তিনি শ্বেতাঙ্গ ইউরোপীয়। তার বিরুদ্ধে ধর্ষণের ষড়যন্ত্রের দুটি অভিযোগ এবং একজন নারীকে যৌন পেশায় বাধ্য করার একটি অভিযোগ রয়েছে। শেখ মোহাম্মদ তাহির উল্লাহ (৭৩), নিউপোর্ট। তিনি বাংলাদেশি। তার বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী এক নারীকে ধর্ষণের একটি এবং ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে ধর্ষণের একটি অভিযোগ রয়েছে। আমিনুর রহমান চৌধুরী (৫৮), টটেনহ্যাম, লন্ডন। তিনি একজন বাংলাদেশি। তার বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী এক নারীকে ধর্ষণের একটি অভিযোগ রয়েছে। শাকিল বাবুর (৫৮), ল্যাঙ্কাশায়ার। তিনি বৃটিশ পাকিস্তানি। তার বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী এক কিশোরীর ওপর অশালীন হামলার চারটি অভিযোগ রয়েছে। মুরাদ আলী (৫৭), সোয়ানসি। তিনি পাকিস্তানি। তার বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে ধর্ষণের দুটি অভিযোগ রয়েছে।

২৪ জুলাই আদালতে হাজিরা
অভিযুক্ত নয়জনকেই আগামী ২৪শে জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। গোয়েন্ট পুলিশের ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টাক বলেন, আমরা বিশেষজ্ঞ সংস্থাগুলোর সহায়তায় এই মামলার ভুক্তভোগীদের পাশে আছি। তিনি আরও বলেন, এ ধরনের তদন্ত স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে ভুক্তভোগীদের স্বার্থ এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু প্রকাশ না করার অনুরোধ করছি, যা আদালতের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

টাক বলেন, শিশু নির্যাতনের অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কেউ যদি নির্যাতনের শিকার হয়ে থাকেন বা এমন কোনো ঘটনার বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে সামনে আসার আহ্বান জানাই। আমরা তাদের কথা শুনব, প্রতিটি অভিযোগ তদন্ত করব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন