‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক

ফন্ট সাইজ:

ডিজিএফআই, ডিবি ও র‌্যাবের অধীনে সংরক্ষিত কথিত গোপন বন্দিশালার (আয়নাঘর) মধ্যে অন্তত দু’টি পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের মৌখিক আবেদনের পর ট্রাইব্যুনাল এ সিদ্ধান্তের কথা জানান।

আদালতে চিফ প্রসিকিউটর বলেন, ‘তিনটি গোপন বন্দিশালার মধ্যে অন্তত দু’টি পরিদর্শনের অনুমতি চাওয়া হচ্ছে। এর একটি উত্তরাস্থ র‌্যাব-১ এর অধীনে এবং অন্যটি ডিজিএফআইয়ের অধীনে।’

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘প্রসিকিউশনের লিখিত আবেদন পাওয়ার পর পরিদর্শনের তারিখ নির্ধারণ করা হবে।’ শুনানিতে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘তাদের তত্ত্বাবধানে তিনটি গোপন বন্দিশালা সংরক্ষিত রয়েছে। দীর্ঘদিন এসব স্থান একই অবস্থায় সংরক্ষণ করা কঠিন হবে। তাই বিচারপতি ও বিচারকরা যদি সরেজমিনে পরিদর্শন করে একটি স্মারক (মেমোরেন্ডাম) প্রস্তুত করেন, তবে তা বিচারের স্বার্থে ব্যবহার করা যেতে পারে।’

জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘বিচারকরা পরিদর্শনে গেলেও মেমোরেন্ডাম প্রস্তুত করা সমীচীন হবে না। এ ধরনের বিষয় প্রসিকিউশন সাক্ষ্য-প্রমাণ হিসেবে মামলায় উপস্থাপন করতে পারে। তবে প্রসিকিউশন লিখিত আবেদন করলে ট্রাইব্যুনাল পরিদর্শনে যাবে।’ এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর জানান, তারা মঙ্গলবারই এ বিষয়ে লিখিত আবেদন দাখিল করবেন।

এদিকে উত্তরায় মীর মুগ্ধসহ ১১ হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ, আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন