আটক ফিলিস্তিনি চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি এমএসএফের

আটক ফিলিস্তিনি চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি এমএসএফের

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক মানবিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) ইসরাইলি বাহিনীর হাতে আটক সব ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে আমরা ক্ষুব্ধ। তাদের অধিকাংশকেই কোনো যৌক্তিক কারণ বা আইনি ভিত্তি ছাড়াই অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে আটক রাখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এমএসএফ আরও অভিযোগ করেছে, ইসরাইলের এই আচরণের নিন্দা জানাতে বিশ্বনেতারা ব্যর্থ হয়েছেন। সংস্থাটির ভাষায়, নীরবতা এখন সহায়তায় পরিণত হয়েছে। এমএসএফ তাদের বিবৃতিতে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার ঘটনার কথা তুলে ধরেছে। সংস্থাটির দাবি, দেড় বছর ধরে আটক থাকার পর তাকে একাকী বন্দিত্বে (সোলিটারি কনফাইনমেন্ট) রাখা হয়েছে। এছাড়া এমএসএফের অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ ওবেইদের ঘটনাও উল্লেখ করা হয়েছে। তাকে ২০২৪ সালের ২৬ অক্টোবর একই হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ৬০০ দিনেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ ছাড়াই তাকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ডা. হুসাম আবু সাফিয়াকে একাকী বন্দিত্বে রাখা এবং তার ওপর নির্যাতনের অভিযোগের নিন্দা জানিয়ে এমএসএফ বলেছে, এটি ফিলিস্তিনজুড়ে চিকিৎসাকর্মীদের আটক ও লক্ষ্যবস্তু করার ইসরাইলি কর্তৃপক্ষের উদ্বেগজনক ধারাবাহিকতার অংশ।

একই সঙ্গে সংস্থাটি ডা. মোহাম্মদ ওবেইদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে। এমএসএফ জোর দিয়ে বলেছে, এই দুটি ঘটনা বিচ্ছিন্ন নয়। সংস্থাটি হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচ-এর তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষের হাতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী আটক রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন