যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি নদীতে সাঁতার কাটতে গিয়ে সংকটে পড়া একজনকে বাঁচাতে গিয়ে পানির স্রোতে ভেসে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ নারী ও ৩ পুরুস সদস্য রয়েছেন। রবিবার কলম্বাসের শহরতলি পাওয়েলের সায়োটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় একটি শিশু নিকটস্থ সড়কে কান্নাকাটি করতে করতে দৌড়ে সাহায্যের জন্য ছুটে গেলে এক গাড়িচালক জরুরি সেবা নম্বর ৯১১-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ডেলাওয়্যার কাউন্টির শেরিফ জেফরি বলজার সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, সাহায্যের জন্য ছুটে আসা শিশুসহ ১০ বছরের কম বয়সী দুটি শিশুকে ফ্যামিলি সার্ভিসের হেফাজতে রাখা হয়েছে। রবিবার সায়োটা নদীর তীরে দলবদ্ধভাবে সমবেত হয়েছিলেন ওই ব্যক্তিরা। তাদের মধ্যে একজন নদীতে সাঁতার কাটতে নামেন। জেফরি বলজার বলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনার সূচনা হয়, যখন পানিতে নামা ব্যক্তি বিপদে পড়েছেন দেখে অন্য সদস্যরাও তাকে বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েন এবং তারাও স্রোতের সাথে লড়াই করতে না পেরে বিপদে পড়েন।
বলজার জানান, খবর পেয়ে রবিবার রাতে উদ্ধারকারী দল পানি থেকে দুজন নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সোমবার নদী থেকে আরও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ডেলাওয়্যার কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র ট্রেসি হোয়াইটেড।
